শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট

টাইগারদের উইকেট নেওয়ার পর আফগানদের উল্লাস।

স্পোর্টস রিপোর্টার:: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শুরু করে টাইগাররা। তবে সকালে নিজেদের ঝুলিতে আর মাত্র ২৯ রান যোগ করতেই বাকি ২ উইকেট হারিয়ে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল।

দিনের শুরুতে তাইজুল ইসলাম ও নাঈম হাসান দেখে-শুনে খেলার চেষ্টা করলেও পেসার মোহাম্মদ সেলিমের শর্ট ডেলিভারিতে পরাস্ত হন তাইজুল (৯)। এরপর এক প্রান্ত আগলে রেখে লড়াই চালান নাঈম হাসান। অপরাজিত ৩৫ রান করে দলকে সাড়ে তিনশ ছোঁয়া রানের কাছাকাছি নিয়ে যান এই স্পিন বোলিং অলরাউন্ডার।

আবুধাবির এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০ রান। এর আগে প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ১ উইকেটে ২০৮ রান তুলে ভালো পজিশনে থাকলেও সেটির পূর্ণ সুযোগ নিতে পারেনি বাংলাদেশ। এক পর্যায়ে ২ উইকেটে ২২১ রানে থাকা দলটি শেষ ১২৫ রানের ব্যবধানে হারায় বাকি ৮টি উইকেট। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের ফিফটি (৮৩), সাদমান ইসলামের ৬৭ এবং লিটন দাসের ৫৩ রানের ইনিংসগুলোর পরও তাই চার শ ছুঁইছুঁই সংগ্রহের সুযোগ হাতছাড়া হয়।

আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার মোহাম্মদ সেলিম। ৮২ রানে ৪টি উইকেট শিকার করেন তিনি, যার তিনটিই আসে শর্ট ডেলিভারিতে। এছাড়া দুর্দান্ত বোলিং করা ইয়ামিন আহমাদজাই ৭৯ রানে ৩ উইকেট এবং ইসমাত আলম ২টি উইকেট নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com