মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ভ্রাম্যমাণ প্রতিনিধি:: নাটোর জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের (১৮) হারানো ল্যাপটপটি আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ হেডকোয়ার্টার্সে তাঁর হাতে হস্তান্তর করেন বাংলাদেশ পুলিশের সম্মানিত মহাপরিদর্শক (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিলের ল্যাপটপটি হারিয়ে যায়।
নাটোর জেলা পুলিশের তৎপরতা, পেশাদারিত্ব ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে গত ১১ অক্টোবর ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো. আশিক সাঈদ, পিপিএম-এর উদ্যোগ ও সমন্বিত কার্যক্রমের ধারাবাহিকতায় পুলিশ হেডকোয়ার্টার্সে ল্যাপটপটি হস্তান্তর করা হয়।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ এবং জিডির তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। জার্মান পর্যটক কিরিলের হাতে ল্যাপটপটি হস্তান্তরের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ও জিডির তদন্তকারী কর্মকর্তাকে আর্থিক প্রণোদনা প্রদান করেন সম্মানিত আইজিপি মহোদয়।
উল্লেখ্য, জার্মান নাগরিক কিরিল বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শনের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। গত ০৭ অক্টোবর তিনি নাটোর রেলস্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি তাঁর ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা উত্তোলন করতে যান। ফিরে এসে ল্যাপটপ ও ক্যামেরা খুঁজে না পেয়ে তিনি নাটোর থানায় উপস্থিত হয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন। তাঁর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নাটোর থানায় জিডি নং-৫১২, তারিখ ০৭-১০-২০২৬ খ্রি. লিপিবদ্ধ করা হয়।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হকের সার্বিক দিকনির্দেশনায় নাটোর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)সহ জেলা পুলিশের একাধিক চৌকস টিম হারানো ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে তৎপরতা শুরু করে। ধারাবাহিক অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় নাটোর সদর থানাধীন কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপটি উদ্ধার করা হয়।
উদ্ধার-পরবর্তী কার্যক্রমের ধারাবাহিকতায় আজ ১৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্সে জার্মান নাগরিক কিরিলের হাতে উদ্ধারকৃত ল্যাপটপটি হস্তান্তর করা হয়। এ কার্যক্রম বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, তাঁদের অভিযোগের কার্যকর প্রতিকার এবং হারানো সম্পদ উদ্ধারে বাংলাদেশ পুলিশের আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচায়ক।
এ ধরনের কার্যক্রম দেশি-বিদেশি নাগরিকদের কাছে বাংলাদেশ পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাটোর জেলা পুলিশ জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং দেশি-বিদেশি নাগরিকদের যেকোনো অভিযোগের দ্রুত ও কার্যকর প্রতিকার প্রদানে সর্বদা আন্তরিক ও পেশাদার। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নাটোর গড়ে তুলতে নাটোর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।