মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুর শহরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শকুনি লেক পাড়ে এ ঘটনা ঘটে। মুক্তমঞ্চে বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা রয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। বিকেল চারটায় এনসিপি ওই সমাবেশে দলটির আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে গুরুত্বপূর্ণ এলাকা ও সমাবেশস্থলের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই ককটেল বিস্ফোরণের সঙ্গে এনসিপির সমাবেশের কোনো সরাসরি যোগ সূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে দলের অভ্যন্তরীণ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। অথবা পরিকল্পিতভাবে সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এটি ঘটিয়ে থাকতে পারে দুর্বৃত্তরা। তিনি আরও জানান, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও মূল জড়িতদের সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।