মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ

জামালপুর প্রতিনিধি।। জামালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য ৯৪৩ জন প্রশিক্ষিত তথ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। জামালপুর পৌরসভার চারটি ওয়ার্ডসহ জেলার সাত উপজেলার ২১টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তাঁরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

সোমবার (১২ অক্টোবর) বিকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক ইউসুফ আলী।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত তথ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পরে সেগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

নারীর ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে অনলাইনের মাধ্যমে সরাসরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইউসুফ আলী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রোকনুল ইসলাম, সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক ও জান্নাতুল ফেরদৌসী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার, জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অন্যদিকে জামালপুরের ইসলামপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে উপজেলার তিনটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

প্রেস কনফারেন্সে জানানো হয়, প্রথম ধাপে উপজেলার গাইবান্ধা, পাথর্শী ও সাপধরী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে ১২জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপারভাইজার ট্যাবের মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের জন্য মোট ১৩৯ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com