সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ধর্ষণে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্ষণে জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

রোববার (৯ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তা‌র করেছে।

তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে।

এর আগে ঘটনার দিন (৬ মার্চ) দুপুরে বিষয়টি জানতে পেরে শিশুটির মাকে ফোন দিয়ে খোঁজখবর নেন উপদেষ্টা। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন ভুক্তভোগীর পরিবারকে।

উল্লেখ্য, মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুটির চার দিনেও জ্ঞান ফেরেনি। অবস্থা ‘সংকটাপন্ন’ থাকায় গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতাল থেকে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। লাইফ সাপোর্টে কৃত্রিম যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com