বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকায় ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শামসুল হক টাওয়ারের বিপরীতের ভবনটিতে বিকেল ৫টা ৪৬ মিনিটে পৌঁছে কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। গুদামটিতে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী মজুত ছিল।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুক বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের খবরও পাওয়া যায়নি।