বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে তাদের যাত্রা করার কথা।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। নিয়োগকর্তা আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে।

কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের খরচ জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা। ভিসা ও বিমান টিকিটের ব্যয়ও নিয়োগকর্তা বহন করছে। ফলে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় দিতে হচ্ছে না। জনপ্রতি প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হবে বলে জানান বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক।

নিয়োগ প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করেন ৪ হাজার ৩৯ জন। তাদের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১১২ জন।

বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।

সরকারি এই কর্মসূচিতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ অর্থ চাইলে তা প্রতারণা বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com