বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ ইসলামী ডেস্ক : ইসলামে কিছু নেক আমলের উপকার ও সওয়াব মানুষের মৃত্যুর পরও অব্যাহত থাকে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি ছাড়া: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। (সহিহ মুসলিম, হাদিস ৪১১৫; প্রচলিত নম্বর ১৬৩১)
আরেক বর্ণনায় মৃত্যুর পরও সওয়াব চলতে থাকে এমন সাতটি আমলের কথা এসেছে: দ্বিনি জ্ঞান শিক্ষা দেওয়া, নদী বা পানির প্রবাহ তৈরি করা, কূপ খনন, ফলবান গাছ লাগানো, মসজিদ নির্মাণ, কোরআনের কপি রেখে যাওয়া এবং এমন সন্তান রেখে যাওয়া, যে মৃতের জন্য ক্ষমা প্রার্থনা করে। (সহিহুল জামে, হাদিস ৩৬০২)
অন্য এক বর্ণনায় চার ধরনের আমলের কথা বলা হয়েছে: আল্লাহর পথে সীমান্ত পাহারা দেওয়া, এমন ভালো কাজের প্রচলন করা যা অন্যরা অনুসরণ করে, স্থায়ী দান রেখে যাওয়া এবং নেক সন্তান রেখে যাওয়া, যে দোয়া করে। (মুসনাদে আহমদ, হাদিস ২২)
প্রখ্যাত তাবেঈ আতা ইবনু আবি রাবাহ (রহ.) বলেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে দাস মুক্ত করা, দান-সদকা করা, হজ ও ওমরা করার কথা বিবেচনা করা যায়। (মুসান্নাফে ইবনু আবি শায়বা, হাদিস ১২০৮৫)
কিছু আলেমের মতে, সন্তান দোয়া না করলেও তার নেক কাজের সওয়াব মা-বাবার কাছে পৌঁছাতে পারে। (আহকামুল জানায়েজ, ১/৭৬)