শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

দোহারে ট্রাফিক কার্যক্রম পরিদর্শনে এমপি আশফাক

দোহারে ট্রাফিক কার্যক্রম পরিদর্শনে এমপি আশফাক

দোহার (ঢাকা) প্রতিনিধি ঃ
ঢাকার দোহারে ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রম পরিদর্শনকালে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল আটক করে থানার হেফাজতে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার বটিয়া এলাকায় আকস্মিকভাবে ট্রাফিক কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করেন। এ সময় ছাত্রদলের কর্মী সিনহা নামে এক যুবকের মোটরসাইকেলে বৈধ রেজিস্ট্রেশন নম্বর না থাকায় সেটি জব্দ করে দোহার থানার হেফাজতে দেওয়ার নির্দেশ দেন।

এ সময় এমপি খন্দকার আবু আশফাক বলেন, “আইন সবার জন্য সমান। কেউ কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক হলেই আইনের ঊর্ধ্বে নয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অপরাধ নিয়ন্ত্রণে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

তিনি আরও বলেন, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চলাচল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে তরুণদের মধ্যে বেপরোয়া মনোভাব বাড়ছে এবং অনেক ক্ষেত্রে তারা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

পরিদর্শনকালে উপস্থিত দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “কাগজপত্রবিহীন কোনো মোটরসাইকেল যেন সড়কে চলাচল করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।”

তিনি বলেন, গ্রাম ও শহরাঞ্চলে মাদক, বখাটেপনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের হয়রানির মতো ঘটনা প্রতিরোধে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

পরিদর্শনের এক পর্যায়ে এমপি আশফাক নিজে সড়কে দাঁড়িয়ে কয়েকটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করেন এবং বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়া কেউ যেন মোটরসাইকেল চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

স্থানীয়দের মতে, সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধির এমন উদ্যোগ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com