মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

বশির আহমেদ বান্দরবান, জেলার প্রতিনিধি:: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকায় চাঁদের গাড়ি দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু নৌঘাটের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একটি চাঁদের গাড়ি যাত্রী নিয়ে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু নৌঘাটের দিকে যাচ্ছিল। পথে একটি ঢালু সড়ক দিয়ে নিচে নামার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ৩৮ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম হাসপাতালে পাঠানো হয়।

এদিকে নিহতদের মরদেহ আলীকদম থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করবে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ৩৮ বিজিবির অ্যাডজুট্যান্ট মো. জাকির হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।”

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com