মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বিজিবি। এ সময় আরও তিনজন পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভোর ৫টার দিকে শারিয়ালজোত বিওপির টহল দল মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকায় সাত তরুণকে দেখতে পায়। তারা শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা ধাওয়া করে চারজনকে আটক করেন। অন্য তিনজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার মো. সাব্বির হোসেন (১৫) ও মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার মো. শিপন মিয়া (১৯)।
প্রাথমিকভাবে জানা গেছে, কাজের সন্ধানে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির টহল ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে।