মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ শিশুশ্রম নয়, শিক্ষা ও দক্ষতাই হোক ভবিষ্যতের ভিত্তি—নিরাপদ শৈশব নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান। “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শিশু অধিকার দিবস-২০২৬ পালন করেছে কারিতাস লাইট প্রকল্প।
মঙ্গলবার ৬ অক্টোবর কারিতাস লাইট প্রকল্পের ফার্মগেট অফিসের উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডের তিনটি স্কুলে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিনটি পৃথক স্থানে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। দিনব্যাপী এসব কর্মসূচিতে শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, বিনোদন ও সৃজনশীল বিকাশের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশুই আগামী দিনের পরিবার, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই শিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয় এটি পরিবার, সমাজ, রাষ্ট্র ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত দায়িত্ব।
কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (ইসিডি) মি. অসীম ক্রুশ বলেন, শিশু অধিকার দিবস আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে প্রথমেই তাকে একটি নিরাপদ পরিবেশ দিতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন, শিশুশ্রম, বাল্যবিবাহ, যৌন হয়রানি, মাদক, সহিংসতা ও সব ধরনের শোষণ থেকে সুরক্ষা দিতে হবে। তিনি বলেন, “একটি শিশুর সুন্দর ভবিষ্যতের প্রথম শর্ত হলো নিরাপদ পরিবেশ।” তাই শুধু শিশুদের অধিকার নিয়ে আলোচনা করলেই হবে না; বাস্তব জীবনেও তাদের অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিশু অধিকার, নিরাপদ শৈশব, শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও সুন্দর ভবিষ্যৎ নিয়ে নিজেদের চিন্তা ও সৃজনশীলতা তুলে ধরে তারা।
প্রতিযোগিতা শেষে ৩০ জন বিজয়ী শিশুর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পাওয়ার আনন্দে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে শিশুদের হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। র্যালিতে শিশু অধিকার নিশ্চিত করা, শিশুশ্রম বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বার্তা তুলে ধরা হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সচিব মো. আনোয়ারুল কবির, ফরিদ উদ্দিন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক, মো. ফজরুল রহমান, জাহানারা বেগম, কহিনূর বেগম, কারিতাস শিশু শ্রম প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভাপতি, মো. দুলাল ভান্ডারী, মো. সাদ্দাম হোসেন, শিশু শ্রম প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্য ঊর্মী বেগম, কারিতাস লাইট প্রকল্পের কর্মী ও মাঠ কর্মকর্তারা, রিচার্ড ডি সিলভা, কমিউনিটি ফ্যাসিলিটেটর রুবিনা, জাহানারা আক্তার প্রমুখ।