রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

পৃথিবীর কক্ষপথে ‌’দ্বিতীয় চাঁদ’ থাকবে ডিসেম্বর পর্যন্ত

পৃথিবীর কক্ষপথে ‌'দ্বিতীয় চাঁদ’ থাকবে ডিসেম্বর পর্যন্ত ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পৃথিবীর কক্ষপথে অস্থায়ীভাবে যুক্ত হয়েছে নতুন এক ‘খুদে চাঁদ’। প্রায় ২ মিটার বা ৬ ফুট ব্যাসের এই ক্ষুদ্র গ্রহাণুটি আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত পৃথিবীর চারপাশে অবস্থান করবে। এরপর পৃথিবীর অভিকর্ষীয় প্রভাব কাটিয়ে সূর্যের চারপাশে নিজস্ব কক্ষপথে ফিরে যাবে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের (আইএইউ) মাইনর প্ল্যানেট সেন্টার অক্টোবরের শেষ দিকে গ্রহাণুটির নাম দিয়েছে ‘২০২৬ কিউকিউ ৮’। আকারে ছোট ও অনুজ্জ্বল হওয়ায় এটি প্রাকৃতিক গ্রহাণু, নাকি কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ—তা নিশ্চিত হতে জ্যোতির্বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবীর এমন অস্থায়ী সঙ্গী থাকা অস্বাভাবিক নয়। মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন জানান, গড়ে যেকোনো সময় পৃথিবীর আশপাশে এমন একটি বস্তু থাকতে পারে। এগুলো সাধারণত কয়েক সপ্তাহ বা কয়েক মাস অবস্থান করে।
এর আগে ‘২০০৬ আরএইচ ১২০’ প্রায় এক বছর এবং ‘২০২০ সিডি ৩’ প্রায় তিন বছর পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল।

জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেজকি গত আগস্টে প্রথম ‘২০২৬ কিউকিউ ৮’ শনাক্ত করেন। পরে কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ এবং অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ ও হাওয়াইয়ের মাউনা কেয়া মানমন্দিরের সহায়তায় নিশ্চিত হওয়া যায়, এটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তু।

বিশেষজ্ঞদের ধারণা, গ্রহাণুটি মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জ থেকে আসতে পারে। মহাকর্ষীয় প্রভাবে কোনো কোনো গ্রহাণুর কক্ষপথ পরিবর্তিত হয়ে পৃথিবীর কাছাকাছি চলে আসে। অনুকূল গতিপথ ও গতির কারণে কখনো সেগুলো সাময়িকভাবে পৃথিবীর অভিকর্ষে আটকে যায়।

তবে ‘২০২৬ কিউকিউ ৮’ পৃথিবীতে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। এমনকি এটি বায়ুমণ্ডলে প্রবেশ করলেও ছোট আকারের কারণে পুড়ে ভেঙে যাবে। এতে বড়জোর উজ্জ্বল উল্কা দেখা যেতে পারে।

ম্যাথিউ পেইনের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা প্রায় ৪০ হাজার পৃথিবীর নিকটবর্তী গ্রহাণু বা এনইও এবং সৌরজগতের প্রায় ১৫ লাখ মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন। ভবিষ্যতে উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তির মাধ্যমে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com