মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

তেঁতুলিয়ায় প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা

তেঁতুলিয়ায় কুয়াশাচ্ছন্ন সড়ক।

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। কুয়াশা আর হালকা ঠান্ডা বাতাসে বদলে যেতে শুরু করেছে প্রকৃতির রূপ। ভোরের আলো ফুটতে না ফুটতেই জেলার বিভিন্ন এলাকায় নেমে আসছে সাদা কুয়াশার আস্তরণ। রাস্তা, গাছপালা, ফসলের মাঠ থেকে শুরু করে সমতলের চা বাগান- সবকিছুতেই যেন লেগে থাকছে কুয়াশার স্পর্শ। কুয়াশায় মোড়ানো এমন মনোরম দৃশ্য জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের স্পষ্ট আভাস।

সকালে কেউ বের হচ্ছেন কর্মস্থলের উদ্দেশ্যে, কেউবা নির্মল পরিবেশে হাঁটতে। আবার কুয়াশায় মোড়ানো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেও অনেকেই ছুটছেন বাইরে। বিশেষ করে তেঁতুলিয়ার চা-বাগান, গ্রামীণ জনপদ ও বিস্তীর্ণ সবুজ প্রকৃতিতে ভোরের কুয়াশা তৈরি করছে ভিন্ন এক আবহ।

ঘন কুয়াশার কারণে ভোরের দিকে সড়কে কয়েক গজ দূরের কোনো কিছু স্পষ্টভাবে দেখা না যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা যায়। স্থানীয়দের কেউ কেউ হালকা গরম কাপড় গায়ে জড়িয়ে দিনের কাজ শুরু করছেন।

স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, ভোরে ঘন কুয়াশার কারণে কয়েক গজ দূরের পথও স্পষ্ট দেখা যাচ্ছিল না। হিমেল বাতাসের কারণে সকালে বাইরে বের হলে শীতের অনুভূতি হচ্ছে।

স্থানীয় কৃষকরাও জানান, ভোরের কুয়াশা ও আবছা আলোর কারণে মাঠে কাজ শুরু করতে কিছুটা দেরি হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো কুয়াশা ভেদ করে ছড়িয়ে পড়লে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে পরিবেশ।

আবহাওয়া সংশ্লিষ্টদের মতে, শরৎকালে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পাশাপাশি আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং পরে হঠাৎ মেঘ সরে যাওয়ার কারণে তাপমাত্রায় এমন পরিবর্তন দেখা দিতে পারে। ঋতু পরিবর্তনের এ সময়ে ভোর ও সন্ধ্যায় তাপমাত্রার অনুভূতিতে পরিবর্তন স্বাভাবিক।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন ধরে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com