সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক::

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হবে বলে জানা গেছে।

রিট আবেদনে বলা হয়েছে, বর্তমান সংসদে ৩০০ জন নির্বাচিত সদস্য আছেন। তাদের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠিত হলে আরও ৩০০ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। এতে করে সংসদে মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৬০০ জন। যা সংবিধান সম্মত নয়।

রিট আবেদন সম্পর্কে ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ অনুযায়ী যারা সরকারি পারিশ্রমিক নেয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এবার সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ‘তাই সংসদের মন্ত্রী-এমপিরা পারিশ্রমিকও নিচ্ছেন। এ অবস্থায় তাদের সংবিধানে অংশ নেয়া সংবিধান বিরোধী।’

তিনি আরও বলেন, সংবিধানের ১২৩ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার বিধান রয়েছে। কিন্তু তা না করে সংসদ বহাল রেখে নির্বাচন করা হচ্ছে।

ইউনুছ আলী আকন্দ বলেন, এতে করে নির্বাচনের পর দেশে দুটি সংসদ হয়ে যাবে। কিন্তু সংবিধানে একটি সংসদের কথা বলা আছে। এসব কারণ উল্লেখ করে রিট আবেদনটি করা হয়েছে।

এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ অনুচ্ছেদ অনুযায়ীও এটি বৈধ নয় বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com