বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ঢাবি প্রতিনিধি:: আগামী আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সময় আবারও পেছাতে পারে। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এমন তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থানের বিষয় জানানোর সময় এই তথ্য দেন তিনি।
ঢাবি প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যে তারিখ ঘোষণা করেছে সেই তারিখ অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্য কাজ করছে। আমরা জুলাই মাসের করোনার পরিস্থিতি বিবেচনায় আগস্ট মাসে পরীক্ষা নিতে চেয়েছিলাম কিন্তু জুলাই মাস আমাদের জাতীয় জীবনে ভয়ংকর সময় হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা বর্তমানে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত পরীক্ষা পেছানো হয়নি। তবে করোনার ঊর্ধ্বগমন ও নিম্নগমন সার্বিক দিক বিবেচনায় পরীক্ষার তারিখ পেছানো হতে পারে। এটাতে আমাদের কোনো ইচ্ছে নাই বরং পরিস্থিতির শিকার আমরা।
গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের বিষয়ে আমাদের চিন্তাভাবনা সক্রিয় আছে। করোনা পর্যবেক্ষণ করে পরীক্ষার তারিখ পেছানো হলে দ্রুতসময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে।
এর আগে ২৯ এপ্রিল এক সভায় ঢাবির ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। ৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু করার কথা ছিল ঢাবির এবারের ভর্তি পরীক্ষা। এরপর ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ও ১৪ আগস্ট সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল।