শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে তিন বাসের মধ্যে সংঘর্ষে সুরভি পরিবহনের অন্তত ১২ যাত্রী আহত হয়েছে সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে তিন বাসের মধ্যে সংঘর্ষে সুরভি পরিবহনের অন্তত ১২ যাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া গামী গ্রিন ঢাকা পরিবহনের বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। তাতে গ্রিন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১০-১২ জন যাত্রী গুরুতর আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।