বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
বান্দরবান প্রতিতিধি:: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে এ সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সুয়ালক ইউনিয়নের ম্রো কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনিসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সুয়ালক ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উশৈচিং মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই ম্রো কমপ্লেক্সটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়ন ও অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ম্রো কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ কমপ্লেক্সে রূপান্তর করা হবে, যাতে এখানকার শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা পায় এবং খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজ শেখায়। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।