বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং একই সাথে শিক্ষা কার্যক্রমের গতিশীলতা ধরে রাখতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি চালুর পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবনা অনুযায়ী, সপ্তাহে মোট ৬ দিনের পাঠদান কার্যক্রমের মধ্যে ৩ দিন সশরীরে (অফলাইন) এবং বাকি ৩ দিন অনলাইন পদ্ধতিতে ক্লাস পরিচালিত হতে পারে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আয়োজিত এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই পরিকল্পনার চূড়ান্ত রূপরেখা আগামী বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগের সভায় নির্ধারিত হবে।
সংশ্লিষ্টদের মতামত ও সিদ্ধান্ত:
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম জেলা জজ) জি. এম. ফারহান ইসতিয়াক জানান, রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির চাপ কমাতে ‘অল্টারনেট ডেইজ’ বা একদিন অন্তর অন্তর ক্লাসের বিষয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত সকল অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানগণ এই প্রস্তাবে সর্বসম্মতিক্রমে সায় দিয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, অনলাইন ক্লাসের দিনগুলোতে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আসতে না হলেও শিক্ষকদের সশরীরে উপস্থিত থাকতে হবে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে বসেই ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠদান পরিচালনা করবেন। মূলত জ্বালানি সাশ্রয়ে সরকারি সাশ্রয়ী নীতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রীর বক্তব্য:
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি বাজার বিবেচনা করে শিক্ষা ব্যবস্থা সচল রাখাই মূল লক্ষ্য। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যাতায়াতে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহৃত হয়, যা এই পদ্ধতির মাধ্যমে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
পরবর্তী পদক্ষেপ:
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হবে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরপরই সংশ্লিষ্ট দপ্তরগুলো বিস্তারিত নির্দেশিকা জারি করবে।