সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
আইন-আদালত ডেস্ক রিপোর্ট:: সমকামীদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’-এর সম্পাদক ইউএসএইড কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য হয়েছে।
আজ মঙ্গলবার মামলার তারিখ ধার্য ছিল। মামলার তদন্ত চলছে। কোনো প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার পরবর্তী দিন ধার্য করেন।
প্রসিকিউশন সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক তাজুল ইসলাম কোনো প্রতিবেদন দেননি।
গত রবিবার এ মামলায় আনসার আল ইসলামের গোয়েন্দা দলের সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এ ছাড়া এই মামলায় এবিটি সদস্য রাশিদুল নবী ও শরিফুল ইসলাম ওরফে শিহাব নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড শেষে তারাও বর্তমানে কারাগারে।
২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে। ওই ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন।