সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

জামালপুরে গণধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যুদন্ড

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদন্ড ও একই সাথে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকর এলাকার রুহুল আমিনের ছেলে ছাত্তার আলী (৪২), শামছুল হকের ছেলে আব্দুল মালেক (৪৪) নায়েব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২)। এদের মধ্যে ছাত্তার আলী রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক বলেন, গত ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এক গৃহবধুর বাড়িতে গিয়ে সাবেক ইউপি সদস্য ছাত্তার আলী ও তার সহযোগী আব্দুল মালেক এবং আনোয়ার হোসেন মদ্যপ অবস্থায় চিৎকার-চেচামেচি শুরু করে। এ সময় চিৎকার শুনে ওই গৃহবধূ ঘর থেকে বের হলে তারা গৃহবধূর মুখে গামছা পেচিয়ে বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে যায়। পরে তারা তিনজন মিলে ওই গৃহবধূকে গণধর্ষণ করে।

ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করতেন। এই ঘটনার তিন দিন পর নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। বিচার প্রক্রিয়ায় ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে আজ আদালতের বিচারক রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে মৃত্যুদন্ড প্রদান করা হয়। একই সাথে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জামিল হাসান তাপস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com