রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইন ডেস্ক:: বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। মানুষের উপকার হয় এমন কাজই সরকার করতে চায়।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব খালে মাছের পোনা ছাড়া হবে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।
কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সামর্থ্য অনুযায়ী সরকার কৃষকদের পাশে দাঁড়াবে। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নারী শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করা হবে। যেসব মেয়ে ভালো ফলাফল করবে, তাদের উপবৃত্তি দেয়া হবে। একই সঙ্গে সারাদেশে দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ প্রদান করা হবে।
তারেক রহমান বলেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের লক্ষ্য। যে কাজ করলে মানুষের উপকার হবে, সরকার সে কাজই করতে চায়। যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সামনে রেখে সরকার কাজ করবে।