সোমবার, ২২ Jun ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ছয় মাসের মধ্যে মাদকের মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক::

মাদক আইনের যেসব মামলায় আদালত ইতোমধ্যে অভিযোগপত্র আমলে নিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে সেসব মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

তিন বছর ধরে কারাগারে থাকা এক মাদকের আসামির জামিন শুনানি করতে গিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

আদালত বলেছে, সকল জেলার ডিসি, এসপি, ওসি ও আইওকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা রতে হবে। এক্ষেত্রে তাদের ব্যর্থতা থাকলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকেও সাক্ষী আনাসহ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করতে বলা হয়েছে। তা না হলে তাদেরও ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এই আদেশের পাশাপাশি আসামি মিজানুর রহমান বাড়ৈকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। ২০১৫ সালে ৬০০ ইয়াবাসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ। আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ।

আদেশের পর ইউসুফ মাহবুব মোর্শেদ সাংবাদিকদের বলেন, “মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে। তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি। এ কারণে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com