শনিবার, ২৫ Jul ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ১৯ নম্বর বিলপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সরকার আর নেই।
বৃহস্পতিবার ২৩ জুলাই ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে ১৯ নম্বর বিলপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিখিল চন্দ্র সরকার ছিলেন একজন আদর্শ শিক্ষক, শিশুপ্রেমী ও মানবিক ব্যক্তিত্ব। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবক, সহকর্মীদের কাছে ছিলেন বিনয়ী, সৎ ও দায়িত্বশীল সহযোদ্ধা। শিক্ষা বিস্তারে তাঁর নিষ্ঠা, কর্মনিষ্ঠা এবং কোমল আচরণ তাঁকে এলাকা জুড়ে একজন শ্রদ্ধেয় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মীরা বলেন, একজন দক্ষ প্রশাসক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন সাদা মনের, সহজ-সরল ও মানবিক একজন মানুষ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলা-এর সভাপতি, কর্মকর্তা ও কর্মচারীরা এক শোকবার্তায় বলেন, নিখিল চন্দ্র সরকার শুধু একজন প্রধান শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিশুদের অকৃত্রিম বন্ধু ও আদর্শ মানুষ। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
তাঁর কর্ম, আদর্শ ও মানবিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সংগঠনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। প্রিয় শিক্ষক, অন্য ভুবনে ভালো থাকুন। আপনার রেখে যাওয়া আদর্শ ও ভালোবাসা আপনার শিক্ষার্থী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।