বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার আশ্বাস তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অবস্থান ব্যক্ত করেন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তার মতে, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং তিনি নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন। গণমাধ্যমে উঠে আসা বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে নোয়াব প্রতিনিধিদের বক্তব্য শোনেন। ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে সহযোগিতা কামনা করেন।

নোয়াব নেতারা সংবাদপত্র শিল্পকে পুনরায় শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং বিগত সরকারের আমলে বিজ্ঞাপন বিল বকেয়া থাকার বিষয়টি সমাধানের আহ্বান জানান।

এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার এবং আটক সাংবাদিকদের বিষয়ে উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত নোয়াব সদস্যরা তিন মাস পরপর সরকারের সঙ্গে নিয়মিত বৈঠকের প্রস্তাব দেন, যা প্রধানমন্ত্রী ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে জানান সংশ্লিষ্টরা।

দুপুর ২টা ২০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় বৈঠকটি শেষ হয়। পরে প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাদের সঙ্গে গ্রুপ ছবিও তোলেন।

বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রকাশক নাসিম মনজুর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com