সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

খালেদার প্রার্থিতা রক্ষায় আইনি লড়াইয়ে যাচ্ছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক::

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাকারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ অবস্থায় আগামী একাদশ জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও খালেদার পক্ষে তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ যাতে নিশ্চিত হয় সেজন্য আইনি লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতারা এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেয়া সাজার বিরুদ্ধে আপিল এবং জামিন চাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার সকালে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী নির্বাচনে খালেদা জিয়া যেন অংশ নিতে পারেন সে লক্ষ্যে আপিল এবং জামিন চাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। সেই থেকেই তিনি নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রী কারাগারে রয়েছেন। গত ৩০ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর বাড়িয়ে ১০ করেন আপিল বিভাগ।

অন্যদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত।

দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন তার প্রার্থিতা রক্ষায় গতকাল আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলো দলটি।

উল্লেখ্য, গত রোববার ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট একাদশ জাতীয় নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর পর দিন সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি।

ওই দিন ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম কেনার মাধ্যমেই শুরু হয় বিএনপির মনোনয়ন বিক্রি কার্যক্রম। এ ছাড়া ওই দিনই খালেদার পক্ষে বগুড়া-৬ ও ৭ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com