সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

কুকুর মারায় এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

একুশের কণ্ঠ অনলাইন:: ১৪টি কুকুরের বাচ্চা ও দুইটি মা কুকুরকে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় মাটি চাপা দিয়ে হত্যার অভিযোগে রামপুরার বাগিচারটেক কল্যাণ সমিতির নিরাপত্তাকর্মী ছিদ্দিককে (৪৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ১০ মে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ছিদ্দিককে ২০০ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো সাত দিন কারাভোগ করতে হবে। ছিদ্দিক ভোলা জেলার চরফ্যাশনের ওসমানগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, বাগিচারটেক কল্যাণ সমিতির নিরাপত্তাকর্মী ছিদ্দিক ২০১৭ সালের ২৫ অক্টোবর রাতে বাগিচারটেকের খালি প্লটে থাকা দুইটি মা কুকুরকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। এ ছাড়া ১৪টি বাচ্চাকে বস্তায় ভরে সবগুলোকে মাটিচাপা দেন। ওই ঘটনায় ১ নভেম্বর পিপল ফর এনিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান রাকিবুল হক এমিল বাদী হয়ে রামপুরা থানায় ১৯২০ সালের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনের ৭ ধারায় মামলা করেন। রামপুরা থানার এসআই নাছির উদ্দিন ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। চলতি বছরের ১৯ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলার বিচারকাজ চলাকালে ১৫ সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেয়। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিনু রানী রায় আর আসামিপক্ষে ছিলেন কাশেম আলী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com