বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ওমরাহ পালনে গিয়ে মক্কায় বসুন্ধরা এমডির শাশুড়ি আফরোজা জামানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের শাশুড়ি, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত খন্দকার রাশিদুজ্জামান দুদু’র স্ত্রী আফরোজা জামান ইন্তেকাল করেছেন।

পবিত্র ওমরাহ পালনরত অবস্থায় সৌদি আরবের মক্কায় মঙ্গলবার বিকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আফরোজা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এছাড়া কুষ্টিয়া জেলার সকল শ্রেণি-পেশার মানুষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আফরোজা ১৯৫৭ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা আফাজউদ্দিন খান এবং মা আকিমুন্নেসা। তার স্বামী খন্দকার রাশিদুজ্জামান দুদু ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার অ্যাপোলো হাসপাতালে (বর্তমানে এভারকেয়ার) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খন্দকার রাশিদুজ্জামান দুদু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তার অংশগ্রহণ ছিল। পরে তিনি আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃত্ব দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com