সোমবার, ২২ Jun ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

এমপিদের শপথের বৈধতা নিয়ে নতুন বেঞ্চে রিটের শুনানি ৩১ জানুয়ারি

আইন-আদালত প্রতিবেদক::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথের বৈধতা নিয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজের পর আবেদনটি পুনরায় শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্টের পৃথক একটি বেঞ্চ। এই রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।

আজ সোমবার সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ তারিখ নির্ধারণ করেন।

আদালতে রিট আবেদনটি উত্থাপন করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তার সাথে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৮ জানুয়ারি সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ দেয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো: তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

নোটিশে বলা হয়, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেয়ায় বর্তমানে দু’টি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী। কিন্তু সেই নোটিশেরও জবাব না পাওয়ায় গত ১৫ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ রিট দায়ের করেন। পরে গত ১৬ জানুয়ারি রিটটির ওপর শুনানি শেষ হয় এবং ১৭ জানুয়ারি আদেশের জন্য দিন নির্ধারণ করেন হাইকোর্ট। ওই দিন রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। এরপর রিটকারীর আইনজীবীরা আবেদনটি শুনানির জন্য নতুন বেঞ্চে উত্থাপর করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com