রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

এক মাসের মধ্যে মাদক-অস্ত্র মামলার তদন্ত শেষের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক::

মাদক ও অস্ত্র মামলার তদন্ত তদারকিতে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের আইজি ও সকল এসপিকে এ আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মাদক ও অস্ত্র মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।

নরওয়ে প্রবাসী ড. নুরুল ইসলাম শেখকে মাদক মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়ে মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গির হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে ওই প্রবাসীকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার কারণে গাজীপুরের জয়দেবপুর থানার এসআই মো. আব্দুল হালিমকে ওই থানা থেকে দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহারের জন্য গাজীপুরের এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই এসআইকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছেন আদালত।

আদালতে নুরুল ইসলাম শেখের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী। আর এসআই আব্দুল হালিমের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল।

জানা যায়, ২০১৮ সালের ২৯ নভেম্বর এসআই মো. আব্দুল হালিমের নেতৃত্বে একদল পুলিশ ১০ পিস ইয়াবাসহ রাজু আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে রাজু আহমেদের স্বীকারোক্তির ভিত্তিতে নরওয়ে প্রবাসী নুরুল ইসলামসহ তিনজনকে অভিযুক্ত করা হয়। এরপর নুরুল ইসলাম ওই মামলায় আগাম জামিন চাইতে হাইকোর্টে আবেদন জানান।

জামিন শুনানিকালে আদালত জানেন, নুরুল ইসলাম একজন নরওয়ে প্রবাসী এবং পিএইচডি ডিগ্রি হোল্ডার। ১০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় তাকে অভিযুক্ত করায় আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন। আদালতের আদেশের এক সপ্তাহের মধ্যে নুরুল ইসলামকে অভিযোগ থেকে বাদ দিয়ে পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে। পরে এ মামলার বাদি জয়দেবপুর থানার এসআই আব্দুল হালিমকে তলব করেন হাইকোর্ট। আজ মঙ্গলবার শুনানি শেষে ওই এসআইকে সতর্ক করে দিয়ে আদালত রায় দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com