মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশের লাগেজের মধ্যে থাকা এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামের একটি মাছের প্রজেক্টের কোনায় লাগেজের মধ্যে থাকা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার প্রজেক্ট দেখতে এসে লাগেজটি দেখতে পান। লাগেজ থেকে পচা দুর্গন্ধ বের হলে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়। পরে মধ্যরাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।