সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ইভিএমে ভোটগ্রহণ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন প্রার্থী।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ সোমবার (৩ ডিসেম্বর) হাইকোর্টে রিটটি করেন। তিনি আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী।

রিটের বিষয়ে এ আইনজীবী বলেন, ‘জনস্বার্থে আমি এ রিট আবেদনটি করেছি। রিটে ইভিএমে ভোটগ্রহণ স্থগিত চাওয়া হয়েছে। কারণ আমি মনে করি এটা সংবিধানের ৬৫ ও ৯৩ অনুচ্ছেদের পরিপন্থী।’

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব (আরপিও) অধ্যাদেশ জারি করা হয় গত ৩১ অক্টোবর। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সে অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।

এরপর গত সোমবার নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করে। আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২। লটারির মাধ্যমে এই ছয়টি আসন নির্ধারণ করা হয়। আগামি সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ইভিএমে ভোটের বিরোধিতা করে আসছে। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ইভিএমে ভোটের পক্ষে। সূত্র: সময় টিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com