শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

আলুর দাম আরো ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

অর্থনৈতিক প্রতিবেদক::

খুচরা বাজারে সরকারের পূর্ব নির্ধারিত দামে আলু বিক্রি করতে অপরাগতা প্রকাশ করেছে ব্যবসায়ীরা। তাই নতুন করে প্রতি কেজি আলুতে ৫ টাকা বাড়িয়ে দাম পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনার সময় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এতো দিন খুচরা বাজারে বিক্রির জন্য প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা করে নির্ধারণ করে দিয়েছিল সরকার। পুনর্নির্ধারিত দামে কেজি প্রতি আলুর দাম হবে এখন থেকে ৩৫ টাকা।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আলুর এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দেয় কৃষি বিপণন অধিদফতর।

এই দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু এই দামের বিষয়ে আপত্তি জানান ব্যবসায়ীরা। এদিকে পাইকারি বাজারে প্রশাসনের অভিযান ও জরিমানার ভয়ে আলু বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন।

সংশ্লিষ্টরা জানান, নানা অজুহাতে হঠাৎ করেই দ্বিগুণ বেড়েছে আলুর দাম। এ নিয়ে সরকারের পক্ষ থেকে খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা দাম নির্ধারণ করে দেয়া হলেও তা আমলে নিচ্ছেন না ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com