শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

আগামীকাল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: আগামীকাল রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হবে। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা অনলাইন এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে ফলাফল দেখা যাবে। পাশাপাশি মোবাইল ফোনের এসএমএস সেবার মাধ্যমেও ফল সংগ্রহ করা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও তা স্থগিত করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ফলাফল প্রকাশের আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংক্রান্ত কিছু লিংক অনলাইনে আপলোড হয়ে যায়। পরে সাধারণ ব্যবহারকারীরা ওই লিংক থেকে তথ্য সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স কর্মকর্তা মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ বৃত্তি যাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এবং বাকি ২০ শতাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই শ্রেণিতে আর্থিক সুবিধা পাবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা শেষে অধিকাংশ জেলার পরীক্ষা সম্পন্ন হয়। তবে পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন) উভয় ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪০ হাজারের বেশি। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com