সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন সোবহানা মোস্তারি

বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি

স্পোর্টস রিপোর্টার:: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি। ব্রিসবেনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৪ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার এখন সোবহানা।

সোবহানার সেঞ্চুরি নিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে শুরুতেই মোহাম্মদ আশরাফুলের অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ১০১ রানের ইনিংস প্রসঙ্গ টানেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সুমন বলেন, ‘সবাই যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে, এমন কিছু করতে চায়; যেটা তার ক্রিকেটীয় জীবনে মনে রাখতে পাররে। আশরাফুল তো অনেক ভালো ইনিংস খেলেছে। তবে, যদি জিজ্ঞেস করেন ও কিন্তু বলবে ওর ওই ইনিংসটাই (কার্ডিফে ১০১ রানের) সবচেয়ে বেশি মনে আছে, হয়তো। আমার কাছে সেটা মনে হয়।

এরপর সোবহানার ইনিংসের প্রশংসা করে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘সোবহানা মোস্তারি সেঞ্চুরি করেছে, ইটস আ ফ্যান্টাস্টিক এফোর্ট। আর আমার মনে হয়, অস্ট্রেলিয়ার কন্ডিশন যে যাই বলুক, রান করা কিন্তু একটু কঠিন। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণও কিন্তু উইমেন্স ক্রিকেটে যতগুলো টিম আছে তার মধ্যে সবচেয়ে ভালো। সো আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল এফোর্ট। আর আমার মনে হয়, তার ক্যারিয়ারের একটা হাইলাইট হয়ে থাকবে।

সোবহানার এই ইনিংস যে কতটা কঠিন পরিস্থিতিতে এসেছে, বাংলাদেশের ইনিংসের শুরুটা দেখলেই তা বোঝা যায়। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সের সামনে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। মাত্র ৭.২ ওভারে ৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে দল। সেখান থেকে নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সোবহানা।

চাপের মুখে দারুণ আত্মবিশ্বাসে ব্যাট চালিয়ে ১২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৮ চারের সাহায্যে ১৩৪ বলে ১১৮ রান করে মেগান শাটের বলে বোল্ড হন সোবহানা। অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে নিগার সুলতানা ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তাদের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২২০ রান করেছে বাংলাদেশ।

এই সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডেতে শতরান করা অস্টম ব্যাটার এখন সোবহানা। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটারও তিনি। এর আগে ফারজানা হকের দুটি এবং নিগার সুলতানা একটি সেঞ্চুরি ছিল।

সিরিজের প্রথম ওয়ানডেতে অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৬৬ রানে অলআউট হয়ে সাত উইকেটে হেরেছিল দল। তবে দ্বিতীয় ম্যাচে সোবহানা ও নিগারের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে সিরিজে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com