বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় সাকিবকে নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সাকিব আল হাসান ফ্রি থাকলে, এখন থেকে দেশ ও দেশের বাইরে জাতীয় দলে খেলবেন। তবে এক্ষেত্রে সাকিবকে ফিট থাকতে হবে বলেও জানান তিনি। পাশাপাশি সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি।
এদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্লেয়ার বাড়ছে। এবার চুক্তিতে থাকবেন ২৭ জন ক্রিকেটার বলেও জানিয়েছে বিসিবি।
বাংলাদেশের সামনে আগামী সিরিজ মার্চে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সে সময় পাকিস্তানের আসার কথা। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন। যে সব মামলা সাকিব আল হাসানের মাথায় রয়েছে সেগুলোও বিসিবির পক্ষ থেকে মোকাবিলা করা হবে বলে বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে।
সাকিব দেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে জনরোষ তৈরি হওয়ায় বিক্ষোভের শঙ্কা করেছিল বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাঁকে। সর্বশেষ দুবাই থেকে এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরেই চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান। সাকিবকে ফিরিয়ে আনার সবুজসংকেত দিয়েছে এবার বিসিবি। সেই সঙ্গে বিসিবি এটিও সিদ্ধান্ত নিয়েছে যে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে আনা হবে।