সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
হোসাইন মোহাম্মদ সাগর, স্টাফ করেসপন্ডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্যান্সার আক্রান্ত শিশুদের আঁকা ছবি এবার সত্যিকারের রকেটে চড়ে পাড়ি দিল মহাকাশে। রাশিয়ায় গত ১৪ জুলাই কাজাখস্তানের বৈকানুর কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর ৭৫তম অভিযানের নভোচারীবাহী সয়ুজ-২.১এ রকেট।
মহাকাশযাত্রার ইতিহাসে দ্বিতীয়বারের মতো আয়োজিত মানবিক উদ্যোগ ‘আর্ট রকেট টু’-এর অংশ হিসেবে রকেটের গায়ে যুক্ত হয় ৪৩ বর্গমিটারের এক শিল্পকর্ম, যাতে ঠাঁই পেয়েছে রাশিয়ার ৫৫ টি এবং আটটি দেশের ৩৮টি শহরের ক্যান্সার আক্রান্ত শিশুর আঁকা ছবি। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, বলিভিয়া, পাকিস্তান, কলম্বিয়া, হন্ডুরাস, তুরস্ক ও স্পেনের শিশুরাও এতে যুক্ত হয়েছে। রকেটের গায়ে বড় হরফে লেখা হয়েছে— ‘জীবনের কোনো শেষ নেই’।
ক্যান্সার রোগীদের সহায়তায় গঠিত ইউনিটি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এবং রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস, প্রগ্রেস রকেট স্পেস সেন্টারসহ একাধিক প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হয়। উৎক্ষেপণের আগে রাশিয়ার নয়টি শহরের শিশুরা সাক্ষাৎ করে রসকসমস প্রধান দিমিত্রি বাকানভ ও নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানের সঙ্গে। আট বছর পর প্রথমবার বৈকানুরে গেলেন আইজ্যাকম্যান।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের কিশোরী মিয়া, যে নিজে ক্যান্সার জয় করেছে এবং এবার ছবি উৎসর্গ করেছে বর্তমানে ক্যান্সারে আক্রান্ত তার মাকে।
রসকসমস নভোচারী আনা কিকিনা বলেন, আশা ও বিশ্বাস যেকোনো মাধ্যাকর্ষণকে হার মানাতে পারে- এই অভিযান তারই প্রমাণ। ইউনিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আলিওনা কুজমেনকো বলেন, বার্তাটি মনে করিয়ে দেয়, ভালোবাসা ও জীবনের কোনো সীমানা নেই।
ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান ক্রিস্টিনা তিকারাদজে বলেন, রকেটের ছবিগুলো কেবল হিমশৈলের চূড়া- এর পেছনে রয়েছে শিশুদের পাশে দাঁড়ানো বিশাল আন্তর্জাতিক এক সম্প্রদায়ের বছরের পর বছরের নিরলস কাজ।
এইচএমএস/