সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
মধুখালী ফরিদপুর প্রতিনিধি ॥ ফরিদপুরের মধুখালী উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে মধুখালী থানা পুলিশ।
রবিবার ২ আগস্ট সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান ও সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান জামান। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যও অভিযানে অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন চেকপোস্টে অবস্থান নিয়ে ঢাকা-গামী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা দেখা যায় পুলিশের মধ্যে।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মধুখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ সূত্র জানায়, সন্ত্রাস, চুরি, ডাকাতি, মাদক পাচারসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এমন কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা আরও কমে আসবে এবং জনমনে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে।