সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নিহত তানভীর এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে একটি চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর ওই গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অবসর সময়ে তানভীর প্রায়ই বাবার চায়ের দোকানে বিভিন্ন কাজে সহযোগিতা করত। সোমবার সকালে দোকানে চা তৈরির জন্য বৈদ্যুতিক কেটলিতে পানি গরম করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ঘটনাস্থলে গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
তানভীরের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।