মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ছবি সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক : তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণে মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। তাদের মতে, এ অঙ্ক বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা সরকারের হস্তক্ষেপে বাস্তবসম্মত মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধিরা এ প্রতিক্রিয়া জানান। বৈঠকে শ্রমিকপক্ষের সংশোধিত দাবি ছিল ২২ হাজার টাকা, শুরুতে তারা ৩২ হাজার টাকা দাবি করেছিল। মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।
শ্রমিক নেতারা বলেন, এই মজুরিতে শ্রমিকদের জীবনযাপন ও সংসার চালানো কঠিন। মজুরি নির্ধারণে শ্রমিকদের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় বিবেচনার আহ্বান জানান তারা। এক নেতা বলেন, প্রস্তাবটি গ্রহণযোগ্য না হলেও দর-কষাকষির সূচনা হিসেবে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
শ্রমিক প্রতিনিধি কেন ৩২ হাজার টাকা থেকে দাবি কমিয়ে ২২ হাজার টাকা করেছেন, সে বিষয়ে এক শ্রমিক নেতা বিস্তারিত জানেন না বলে জানান। তবে আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি আদায়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি।