মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর ছবি সংগৃহীত

একুশের কন্ঠ নিউজ ডেস্ক : নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পথ এটিভি মডেলের বিশেষ হালকা সাঁজোয়া যান চালিয়ে অতিক্রম করেন। এ সময় তাঁর সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান ছিলেন। পথের দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত মহড়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন। এতে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

১৯৭৮ সালে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা স্বর্ণদ্বীপের পূর্বনাম ছিল জাহাজ্জার চর। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত।

একসময় জলদস্যু ও ডাকাতদের অভয়ারণ্য হিসেবে পরিচিত দ্বীপটিতে ২০১৩ সালের ১৪ মার্চ সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের নির্মূল করে। ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ১০১ পদাতিক ব্রিগেডের বিভিন্ন ইউনিট এ অভিযানে অংশ নেয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই দিন থেকে সেখানে সেনা মোতায়েন রয়েছে।

২০১৩ সালের ১৫ আগস্ট প্রাথমিকভাবে এবং ১৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত দ্বীপটি জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত যান চলাচল ও প্রশিক্ষণের উপযোগী হয়ে ওঠে। বর্তমানে স্বর্ণদ্বীপকে সেনাবাহিনীর আদর্শ প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গবাদিপশু পালন, দুগ্ধ খামার, বনায়ন, শস্য উৎপাদন, মৎস্য চাষ ও সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন উন্নয়ন ও পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেনাবাহিনী ও বিসিসিটির যৌথ উদ্যোগে সেখানে ইতোমধ্যে তিনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রও নির্মাণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com