বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
বুধবার (২৯ জুলাই) সকালে তিনি সদর হাসপাতাল পরিদর্শনে যান। এসময় সদর হাসপাতালে রুগির পর্যাপ্ত ধারন ক্ষমতা না হে করনীয় সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
এছাড়া বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল আবাসিক ম্যাডিকেল অফিসার হাসপাতালে উপস্থিত না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, এই ক্রাইসিস সময়ে একজন দায়িত্বশীল হিসেবে উনারতো ২৪ ঘন্টাই হাসপাতালে থাকার কথা। এসময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা নিয়ে আক্ষেপ করে বলেন, সারা বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে তোলপাড় হয়ে যাচ্ছে আর আমাদের সদর হাসপাতালের আরএমও সাহেব এখনো হাসপাতালে উপস্থিত নাই, এটা তো হতে পারে না।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি, চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের বিষয়ে বিস্তারিত তথ্য নেন।
সাংসদ সাচিং প্রু জেরী চিকিৎসাসেবার মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি ও আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলা বিএনপির সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সদর হাসপাতালের চিকিৎসা সেবার দায়িত্ব অবহেলাকে কেন্দ্র করে সচেতন ছাত্র সমাজের ব্যানারে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে সচেতন ছাত্রসমাজ ও সাধারণ নাগরিক। এসময় তারা স্থানীয় সাংসদ সাচিং প্রু জেরী কে স্মারকলীপির মাধ্যমে চিকিৎসা সেবার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। স্মারকলিপিতে ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, সদর হাসপাতালে আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপন, আধুনিক সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু, হাম প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার নিরপেক্ষ তদন্ত এবং পাহাড়ি জনগণের জন্য প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।