বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, জাতীয় ডেস্ক ॥
দেশের সরকারি হাসপাতালগুলোতে পার্কিং সুবিধা ও টোল মওকুফসহ পাঁচ দফা দাবিতে আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতি’। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক বাদল মাদবর যৌথ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর (সরদার) বলেন, “বুধবার সকাল ৬টা থেকে দেশের কোথাও কোনো বেসরকারি অ্যাম্বুল্যান্স চলবে না। দীর্ঘদিন ধরে আমরা আমাদের ন্যায্য দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু কোনো সুরাহা করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা এই কর্মসূচিতে গিয়েছি। পাঁচ দফা দাবি সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই ধর্মঘট অবিরাম চলবে।”
অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতির ৫ দফা দাবি:
বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন: অ্যাম্বুল্যান্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা দ্রুত বাস্তবায়ন করা।
নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা: দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুল্যান্সের জন্য সুনির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা।
টোল মওকুফ: হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুল্যান্স থেকে টোল আদায় বন্ধ (টোল ফ্রি) করা।
ফ্রিজিং ভ্যানের আয়কর ও টোল ছাড়: লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুল্যান্সের ওপর থেকে সব ধরনের টোল সম্পূর্ণ মওকুফ করা।
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ: রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সে ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহের নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিত করা।