মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সাকিব আল হাসান, পরীমণি অনলাইন প্রিতেবদন:: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ জনপ্রিয়। বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় নতুন রেকর্ড গড়লেন তিনি। শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক এখন অভিনেত্রী পরীমণি।
সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমণির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে, সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী। এর মধ্য দিয়ে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন পরীমণির দখলে।
গত বছরও পরীমণি ও সাকিবের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরে কিছু সময়ের জন্য আবার এগিয়ে যান সাকিব। তবে সর্বশেষ পরিসংখ্যানে পরীমণি এক মিলিয়ন বা ১০ লাখ অনুসারীর ব্যবধানে শীর্ষস্থান নিশ্চিত করেছেন। দুই তারকার ফেসবুক ব্যবহারের ধরনেও রয়েছে স্পষ্ট পার্থক্য। সাকিব আল হাসানের পেজ থেকে অনুসরণ করা হয় মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিসিয়াল পেজ।
অন্যদিকে, পরীমণির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। তার অনুসরণের তালিকায় রয়েছেন লিওনেল মেসির পাশাপাশি ঢালিউড সুপারস্টার শাকিব খান, অভিনেত্রী শাবনূর এবং বলিউডের হৃতিক রোশান, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর। এছাড়া হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান ও পপ তারকা টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বহু তারকাকে অনুসরণ করেন তিনি।
বর্তমানে পরীমণি নতুন কয়েকটি চলচ্চিত্র ও ওটিটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের নানা বিষয়েও আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান।