বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে নিহত

নিহত লিমা আক্তার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।। চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লিমা আক্তার উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনু পণ্ডিত বাড়ির মোহাম্মদ রাসেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল লিমা আক্তারের এক চাচা মারা যান। চাচাকে দেখতে বাবার বাড়িতে যেতে না দেওয়াকে কেন্দ্র করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে বুধবার সকালে তিনি বিষপান করেন বলে পুলিশের ভাষ্য। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় আসছেন। তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় লিমা আক্তারের বাবার বাড়ির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে বিষপানের সঠিক কারণ ও ঘটনার পেছনে কারও দায় রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com