বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

অসহায় মানুষের পাশে মুক্তি ক্লিনিক ও কোমরগঞ্জ ডেন্টাল কেয়ার

ভ্রাম্যমাণ প্রতিনিধি:: অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে চোখ ও দাঁতের চিকিৎসা সেবা প্রদান করেছে মুক্তি ক্লিনিক ও কোমরগঞ্জ ডেন্টাল কেয়ার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ৭১ নম্বর বাহ্রা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অসহায় মানুষদের চোখ ও দাঁতের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। চোখের চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মেজবাহ উদ্দিন এবং দাঁতের চিকিৎসা সেবা দেন ডা. শাবনূর আক্তার সুমী।

দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী মানুষ এ চিকিৎসা ক্যাম্পে অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা শুনে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। এমন উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

এ বিষয়ে মুক্তি ক্লিনিকের অ্যাডমিন অ্যান্ড আইটি ডিরেক্টর মো. মাহমুদুল হাসান তোষার বলেন, মুক্তি ক্লিনিক তার শুরু থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে বদ্ধপরিকর। প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আরও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

আয়োজকরা জানান, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার- এই উপলব্ধি থেকেই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com