বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নিউইয়র্কে আবারও বসছে ঢালিউড অ্যাওয়ার্ডের তারার মেলা

বিনোদন ডেস্ক:: আবারও নিউইয়র্কে বসতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও ফ্যাশন অঙ্গনের তারকাদের মিলনমেলা। আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ‘ইভাঞ্জেল চার্চ সেন্টার’-এ অনুষ্ঠিত হবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। যুক্তরাষ্ট্রে আয়োজিত এই আলোচিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবারও অংশ নিচ্ছেন বাংলাদেশের একঝাঁক জনপ্রিয় তারকা।

‘শো টাইম’-এর সিইও খাইরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের অনুষ্ঠানের নেপথ্যে থেকে সার্বিক সহযোগিতা করবেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপিকা ও প্রোগ্রাম প্ল্যানার শারমিনা সিরাজ সোনিয়া। আয়োজনে আরও সহযোগিতা করবেন মেহেদী হাসান, সাফওয়াত গণি ও রকি আলিয়ান।

এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক, ফ্যাশনসহ বিভিন্ন অঙ্গনে অবদান রাখা তারকাদের সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি থাকবে তারকাদের পরিবেশনা ও সংগীত পরিবেশন। এরই মধ্যে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, চঞ্চল চৌধুরী, শাকিব খান, শিরীন শিলা, নিরব, তমা মির্জা, স্পর্শিয়া, দীঘিসহ আরও অনেকে।

প্রথমবারের মতো ঢালিউড অ্যাওয়ার্ড উপস্থাপনার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত শারমিনা সিরাজ সোনিয়া। তিনি বলেন, এর আগে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করার সুযোগ আমার হয়ে ওঠেনি। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছি। এরই মধ্যে আমাদের চলচ্চিত্রের গর্ব শাকিব খানের সঙ্গে এক দিন আগে সবকিছু নিয়ে মিটিং হয়েছে। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সম্মাননা গ্রহণ করবেন এবং সম্মাননা প্রদানও করবেন। পাশাপাশি পারফরম্যান্সেও অংশগ্রহণ করবেন। অন্যান্য শিল্পীর বিষয়েও সবকিছু চূড়ান্ত হয়েছে। তবে কারা চূড়ান্তভাবে সম্মাননায় ভূষিত হবেন, তা অনুষ্ঠানের দিন জানা যাবে। আশা করছি, এবারের আয়োজন বিগত দিনের চেয়ে আরও বর্ণাঢ্য ও উপভোগ্য হবে।

ঢালিউড অ্যাওয়ার্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর। নিজের অংশগ্রহণের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, মনপুরা মুক্তির পর প্রথম আমি ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করি ২০১০ সালে। এরপর আরও বেশ কয়েকবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এবারের আয়োজনের জন্য শুভকামনা রইল।

অভিনেত্রী স্পর্শিয়াও এবারের আয়োজনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আমার আত্মীয় থাকেন। যে কারণে আমার সবসময়ই যাওয়া-আসা হয়। চলতি মাসেই আমি যুক্তরাষ্ট্র থেকে এসেছি। আবার যাব এই আয়োজনে অংশ নিতে। আশা করছি, দারুণ হবে এবারের আয়োজন।

এদিকে বর্তমানে কানাডায় অবস্থান করছেন শিরিন শিলা। অনুষ্ঠানের আগেই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমি কানাডায় আছি। অনুষ্ঠানের আগেই চলে যাব আশা করছি।

সংগীতশিল্পী রিজিয়া পারভীনও এর আগে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন। এবারও গান নিয়ে মঞ্চ মাতানোর প্রস্তুতি রয়েছে তার। রিজিয়া পারভীন বলেন, এর আগেও ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। এবার যথারীতি গানে গানে সবাইকে মুগ্ধ করব।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের জামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে সর্বশেষ অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই আয়োজনকে ঘিরে তার উপস্থিতি তাই এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com