বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি আরব গেলেন ৪৭ নেতাকর্মী

মাঈন উদ্দিন, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি:: নেত্রকোনা-৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে তাদের ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের এই কাফেলা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে। ওমরাহ ও সংশ্লিষ্ট ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী জানান, নির্বাচনি এলাকার নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহিত করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মোহনগঞ্জ উপজেলা থেকে ১৮ জন, মদন উপজেলা থেকে ১৭ জন এবং খালিয়াজুরী উপজেলা থেকে ১১ জনসহ মোট ৪৭ জন এ কাফেলায় রয়েছেন। বাবর নিজে তাদের সঙ্গে সৌদি আরব যাচ্ছেন না।

কাফেলায় রয়েছেন মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এ কাফেলায় রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ায় তারা লুৎফুজ্জামান বাবরের প্রতি কৃতজ্ঞ।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনও এ উদ্যোগের জন্য বাবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, ৪৭ সদস্যের এই কাফেলার সৌদি আরব সফরকে ঘিরে নেত্রকোনা-৪ আসনের স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ ও জিয়ারত শেষে নির্ধারিত সময়েই তারা দেশে ফিরবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com