বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
একুশের কণ্ঠ প্রতিবেদন:: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২৭০ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৭৬ জনের মোট মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৭৬ জনে। এদের মধ্যে নিশ্চিত হামে ১০১ ও হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮৫১ জনে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬২ হাজার ৪৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৫৫ হাজার ৬১২ জন।