বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

এর মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’ পালনের কার্যক্রম শুরু হলো।

তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার সাহিত্য ও চিন্তায় সমগ্র বাংলাদেশের প্রতিচ্ছবি পাওয়া যায়। তিনি বলেন, নজরুলের সৃষ্টিকর্ম বাঙালি জাতির স্বাধীনতা, মুক্তি ও প্রতিবাদের চেতনাকে সবসময় অনুপ্রাণিত করেছে।

তিনি আরও জানান, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়জুড়ে জাতীয় কবির জীবন, সাহিত্য ও সাংস্কৃতিক অবদান নিয়ে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহ, প্রেম, বিরহ ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার কবিতা ও গান বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন, বিশেষ করে মুক্তিযুদ্ধে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে নজরুলের সাহিত্য ও দর্শনের সম্পর্ক আরও গভীর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সরকারিভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণার সিদ্ধান্ত জানানো হয়, যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com